মাঠ ভেজা থাকায় প্রথমদিনে খেলা হয়নি। দ্বিতীয় দিনেও ঝামেলা বাঁধিয়েছে মাঠ। এরমাঝেই যতটুকু খেলা হয়েছে, আলো ছড়িয়েছেন ইয়াসির আলী। বিসিএলের পঞ্চম রাউন্ডের আরেক ম্যাচে চোট থেকে ফিরে উইকেটের দেখা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
বগুড়ায় প্রথম ইনিংসে সাউথ জোনের বিপরীতে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে ২০৪ রান তুলেছে ইস্ট জোন। অপরাজিত ৭০ রানে দলকে টানছেন ইয়াসির আলী।
এবারের ঘরোয়া ক্রিকেট মৌসুমে বেশ আলো কাড়ছেন ইয়াসির। দারুণ ছন্দে আছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
বিসিএল চলাকালীন এসিসি ইমার্জিং কাপেও খেলে এসেছেন ইয়াসির। দুই ফিফটিসহ চার ম্যাচে করেছেন ১৮৭ রান। সফরে যাওয়ার আগে সাউথ ও নর্থ জোনের বিপক্ষে খেলেছেন ১১২ ও ৯৪ রানের দুটি ইনিংস।
তারই ধারাবাহিকতায় ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের ১৯তম অর্ধশতককে ষষ্ঠ শতকের দিকে টেনে নিচ্ছেন ইয়াসির। ১৩৩ বল খেলে ৭ চারের সঙ্গে একটি ছয়ের মারে করেছেন ৭০।
রাজশাহীতে ভেজা মাঠের কারণে ৩২ ওভারও গড়ায়নি নর্থ বনাম সেন্ট্রাল জোনের ম্যাচটি। এরমধ্যে প্রথমে ব্যাট করে ৯২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে নর্থ।
এই ম্যাচ দিয়েই চলতি বছরে দ্বিতীয়বারের মতো মাঠে ফিরলেন পেসার তাসকিন আহমেদ। ফিরে ৮ ওভার বল করে দুই উইকেট তুলে নিয়েছেন সেন্ট্রাল জোনের এ পেসার। বাকি তিন উইকেট সমানভাবে ভাগ করেছেন শহিদুল ইসলাম, আরাফাত সানি ও শুভাগত হোম।







