বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস অালীর স্ত্রী তাহসিনা রুশদির লুনাকে লন্ডন যেতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এতে তাহসিনার লন্ডন যাত্রা বাতিল হয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেখানে তার আনুষ্ঠানিক সমাবর্তনে উপস্থিত থাকার কথা ছিল তাহসিনা রুশদির।
‘রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি।’
ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের বিস্টলে ইউনির্ভাসিটি অব ওয়েস্ট ইংল্যান্ডে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট।
আর ইলিয়াস আলী নিখোঁজের সময় ক্লাস থ্রিতে পড়ুয়া একমাত্র মেয়ে এখন অষ্টম শ্রেণির ছাত্রী।







