বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচ হয়ে যাচ্ছেন গ্লোবাল টি-টুয়েন্টি সুপার লিগে। বৃহস্পতিবার মিরপুরে একাডেমি মাঠে আশরাফুলের অধীনে অনুশীলন সেরেছেন আফিফ-সাইফউদ্দিন-সোহান-মেহেদীরা।
ওয়েস্ট ইন্ডিজে গায়ানায় আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। অংশ নেবে ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি।
স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল।
প্রায় ১২ কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ডিসেম্বর। টুর্নামেন্টের জন্য দল গুছিয়ে নিয়েছে রংপুর। প্রস্তুতিও শুরু হয়ে গেল দলটির। আসর শেষে বিপিএলেও রাইডার্সের কোচিংস্টাফে দেখা যাবে আশরাফুলকে।
ম্যাচ পাতানোয় ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল আবার ক্রিকেটে ফিরেছিলেন। ঘরোয়া ক্রিকেটে কয়েক মৌসুম খেললেও আগের মতো সফলতা আসেনি। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গতবছর ইতি টানেন খেলোয়াড়ি জীবনের।
দুবাইয়ে অংশ নেন লেভেল-৩ ক্রিকেট কোচিংয়ে। এবার রংপুরের হয়ে শুরু হল তার নতুন অধ্যায়ের। দলটির প্রধান কোচ মিকি আর্থার যুক্ত হবেন গায়ানাতে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হলেও এখনি জাতীয় দলের মতো বড় জায়গায় নিজেকে দেখতে চান না আশরাফুল। এগোতে চান ধীরে, ‘খুবই ভালো লাগছে। আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছা ছিল। গত আসরে বিপিএলের সাথে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে, কিন্তু পরে করা হয়নি।’
কোচিং ক্যারিয়ার শুরুর পর এখন জাতীয় দলের প্যানেলে ঢোকার স্বপ্ন দেখেন কিনা? আশরাফুল বললেন, ‘সবারই তো স্বপ্ন থাকে, কিন্তু আমার এখনো শেখার অনেককিছু বাকি আছে। খেলেছি ঠিক আছে, লেভেল-থ্রি (কোচিং) করেছি এটাও ঠিক আছে। তবে কাজ করতে হবে, শুরু করলাম আশা করি যে এখানে ভালো করলে তখনই আসলে সুযোগ হবে। আমি আস্তে-ধীরেই আসতে চাই। একদম সব জায়গায় কাজ করে, সব লেভেলে কাজ করে তারপরই আসতে চাই।’







