শুক্রবার বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর শেষকৃত্যানুষ্ঠান ও দাফন। বক্সিং হিরোকে শেষ বিদায় জানাতে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের হাজারো মানুষ। তাদের মধ্যে রয়েছেন বিশ্ব নেতারাও।
কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক বিশ্বখ্যাত এই খেলোয়াড়ের শেষকৃত্যে থাকছেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা শুক্রবার তাদের মেয়ে মালিয়ার হাই স্কুল গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে থাকবেন। তাই তাদের পক্ষে মোহাম্মদ আলীর শোকমিছিল বা শেষকৃত্যে থাকা সম্ভব হবে না।
তবে তারা হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা ভ্যালেরি জ্যারেটের হাত দিয়ে মোহাম্মদ আলীর পরিবারের কাছে একটি চিঠি পাঠিয়ে দেবেন। জ্যারেট ব্যক্তিগতভাবে আলীকে চিনতেন। তাই তার হাতেই চিঠিটি পাঠানো হবে।
বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদ তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে স্থানীয় সময় শুক্রবার রাতে মারা যান। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ‘স্বাভাবিক কোনো কারণে হওয়া সেপটিক শক বা সংক্রমণজনিত মারাত্মক জটিলতায়’ মোহাম্মদ আলী মারা গেছেন বলে জানায় তার পরিবার।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে নিজ জন্মস্থানে আগামী শুক্রবার সমাহিত হবেন কিংবদন্তি এই মুষ্টিযোদ্ধা।
তার দাফন অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। কৌতুক অভিনেতা বিলি ক্রিস্টাল এবং ক্রীড়া সাংবাদিক ব্রায়ান্ট গাম্বেলেরও বক্তব্য রাখার কথা রয়েছে।








