হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়া ব্যক্তিদের জন্য করোনা টেস্টের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের পক্ষে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আজ ২২/২/২০২২ তারিখ সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পুর্বে পিসিআর (PCR) টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’’
গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্তারোপ করে। এরপর ৫ ডিসেম্বর থেকে বিমানবন্দরের কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় স্থায়ীভাবে করোনা পরীক্ষাগার বসানো হয়।








