ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি দর্শক সমর্থন পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমিয়েছিলেন সাকিব-তামিমদের খেলা দেখতে। যুক্তরাষ্ট্রে প্রথমবার খেলতে নামা টাইগাররা হতাশ করেননি তাদের। রোমাঞ্চকর ম্যাচে ১২ রানে জয় তুলে সিরিজ সমতায় এনেছে লাল-সবুজরা।
সোমবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচে দর্শকদের আরও বেশি সমর্থন আশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
‘বিশ্বাস রেখেছিলাম আমরা জিততে পারি। এটা সবার মনে থাকাতেই আমরা সিরিজে ফিরতে পেরেছি। মাইন্ডসেট বদলে দিয়েছে দলের চেহারা। আগামীকাল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আশা করি মাঠে আরও বেশি দর্শকের সমাগম ঘটবে এবং আমাদের সমর্থন যোগাবে। আজও অনেক দর্শক এসেছে, তাদের ধন্যবাদ জানাই।’
রোববার সিরিজে ফেরার ম্যাচে সাকিব ব্যাটে-বলে রাখেন দারুণ অবদান। ৬০ রানের ইনিংস খেলার পর বল হাতে দুই উইকেট নেন এ অলরাউন্ডার। যদিও ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল। এ ওপেনার ৪৪ বলে ৭৪ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন। দুই বাঁহাতি চতুর্থ উইকেট জুটিতে ৯০ রান যোগ করে বাংলাদেশকে এনে দেন লড়াকু সংগ্রহ।

ম্যাচ শেষে তামিম নিজের ইনিংসের চেয়ে সাকিবের ইনিংসকে বেশি গুরুত্বপূর্ণ বলেছেন, ‘আমি চেষ্টা করেছি শুরুতে ধরে খেলে পরে রান তুলতে। সাকিব আত্মবিশ্বাসী একটি ইনিংস খেলেছে। শুরুতেই কিছু বাউন্ডারি আসাতে জুটি গড়া সহজ হয়ে গেছে।’
জয়ের ফলে আত্মবিশ্বাস ফিরে পেলেও তামিম মনে করেন সোমবার নতুন দিনে নতুন করেই শুরু করতে হবে। সিরিজ জিততে হলে দায়িত্ব নিতে হবে সবার।
‘ওয়ানডে সিরিজ জয়ের যে আত্মবিশ্বাস নিয়ে আমরা টি-টুয়েন্টি শুরু করেছিলাম সেটা প্রথম ম্যাচে দেখাতে পারিনি। যেভাবে উচিত ছিল সেভাবে খেলতে পারিনি। তবে জানতাম, আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা টিম হিসেবে যদি দায়িত্ব পালন করি। তারা (ওয়েস্ট ইন্ডিজ) টি-টুয়েন্টি ফরম্যাটে বিশ্বের সেরা টিম।’
‘তবে এ ম্যাচ জেতাতে তাদের চেয়ে আত্মবিশ্বাস আমাদের উপরে থাকবে। ক্রিকেট খেলাটাই এমন। কাল আবার নতুন করে খেলা হবে। একটা ম্যাচ জিতে গেছি বলে কালও যে জিতে যাব এমন না। শুরু থেকেই আমাদের শুরু করতে হবে। যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে।’ -বলেন তামিম।







