বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচগুলোতে যা হচ্ছে, তাতে শান্তিতে বসে থাকার অবস্থা নেই হাতেগোনা দু-একটা দল বাদে বাকিগুলোর। ব্রাজিলেরও একই অবস্থা। পরের রাউন্ড নিশ্চিত করতে সার্বিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হারা যাবে না। প্রয়োজন নিদেনপক্ষে একটি ড্রর!
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও ফাঁস হয়েছে সেলেসাওদের মূল একাদশ! ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবোস্পোর্ত জানাচ্ছে, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মূল একাদশে রাখা হচ্ছে না ‘দ্যা কমপ্লিট প্যাকেজ’ ফিরমিনোকে!
প্রথম ম্যাচের আগেও তাদের একাদশ ফাঁসের খবর এসেছিল, সেবার জেসাসের ঘনিষ্ঠ বন্ধুর বরাতে একাদশ বলে দেয় সংবাদমাধ্যম।
গ্লোবোস্পোর্তের দেয়া তথ্য অনুযায়ী কোস্টারিকার বিপক্ষে খেলানো প্রথম একাদশকেই সার্বিয়া ম্যাচের পরিকল্পনায় রেখেছেন ব্রাজিল কোচ টিটে। সেটা ঘটলে দলে থাকবেন না ম্যানসিটি ডিফেন্ডার দানিলোর। হিপে চোট আছে তার।
তবে মূল চমক থাকছে ফিরমিনোকে নিয়েই। সুইজারল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে দুই ম্যাচেই বদলি হয়ে খেলেছেন লিভারপুল ফরোয়ার্ড। কোস্টারিকার বিপক্ষে যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, বদলি হয়ে এসেই দলের আক্রমণের ধার বাড়াতে সাহায্য করেছেন। পরে অতিরিক্ত সময়ের দুই গোলে জয়ও পায় সেলেসাওরা। নেইমারের গোলে ছিল তার অবদান।
এরপর ফিরমিনোকে শুরুর একাদশে দেখতে শুরু করেছিলেন বিশ্লেষকরা। তবে টিটে মূল একাদশে ভরসা রাখছেন উইলিয়ানের ওপরই। চেলসি উইঙ্গার প্রথম দুই ম্যাচে দেখাতে পারেননি তেমন কোন ঝলক। এরপরও টিকে যাচ্ছেন। ব্রাজিল চোটের কারণে এই ম্যাচে পাচ্ছে না জুভেন্টাস উইঙ্গার ডগলাস কস্তাকে। হলুদ কার্ডের জেরে সাবধানতা আছে কাসেমিরো, ফিলিপে কৌতিনহো আর নেইমারকে নিয়েও।








