শাকিব-মিশা জুটি নায়ক-ভিলেন হিসেবে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। নানা কারণে ইন্ডাস্ট্রিতে বৈরী পরিবেশের ফলে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল! অনেকেই নিশ্চিত হয়েছিলেন, আলোচিত এ নায়ক-ভিলেন জুটিকে হয়তো আর পর্দায় একসঙ্গে দেখা যাবে না। সেই ধারণা ভুল প্রমাণ করে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাকিব-মিশা।
শাকিব খানের শুটিংয়ে থাকা সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’-এ অভিনয় করতে যাচ্ছেন মিশা সওদাগর। সিনেমাটির শুটিংয়ের জন্য আমেরিকা থেকে দেশে ফিরেছেন মিশা সওদাগর। মঙ্গলবার এ অভিনেতাকে চুক্তি করিয়েছেন পরিচালক তপু খান।
জানা যায়, বুধবার থেকেই ‘লিডার আমিই বাংলাদেশ’র শুটিংয়ে নামছেন মিশা সওদাগর। পাঁচদিন শুটিং করবেন তিনি।
সর্বশেষ ‘বীর’ সিনেমায় শাকিব-মিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল। নতুন করে আবারও জনপ্রিয় এ নায়ক-ভিলেনকে পর্দায় লড়তে দেখা যাবে। পরিচালক তপু খান বলেন, মিশা ভাই খল চরিত্রে অভিনয় করবেন। তবে গতানুগতিক খলনায়ক নয়।

মিশা সওদাগর চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেমাকে ভালোবাসি বলে একটি ভালো সিনেমার সঙ্গে থাকতে চাই বলেই আমেরিকায় গিয়ে সাতদিনের মধ্যে আবার ফিরে এসেছি। অনেকদিন পর শাকিবের সঙ্গে আবার অনস্ক্রিনে আসছি।
এর আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেছিলেন, শাকিব আমি সিনেমায় থাকলে দর্শক নায়িকা খোঁজে না। অভিনয়ে কাউন্টার লাগে। পরস্পরকে আমরা ভালো বুঝি। বিগত দুই দশকে ইন্ডাস্ট্রি নায়ক-ভিলেনের জুটি হিসেবে আমাদের পেয়েছে। মানুষ কাজের সময় আরাম চায়। আমি শাকিবের সঙ্গে কাজ করে আরাম পাই, আমার বিশ্বাস সেও পায়।
‘লিডার আমিই বাংলাদেশ’ বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা। শাকিব-মিশা ছাড়াও সিনেমায় অভিনয় করছেন শবনম বুবলী, সিয়াম নাছের, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির শুটিং একেবারে শেষের দিকে বলে জানান পরিচালক।








