জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আবারও আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার বিচারপতি মো: শওকত হোসেন ও বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়েছে।
ঢাকা বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে বর্তমানে এই মামলার বিচার চলছে। খালেদা জিয়ার আবেদনে এর আগেও এই মামলায় আদালত পরিবর্তন করে আদেশ দেন হাইকোর্ট।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।








