কোলন টিউমারের চিকিৎসা নিতে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবল কিংবদন্তি পেলে। ৮১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গ্রেটের টিউমার অপসারণে গত বছরের সেপ্টেম্বরে অস্ত্রোপচার হয়েছিল।
তারপর থেকে নিয়মিত সাও পাওলোর একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন তিনি। স্থানীয় সময় রোববার সেই হাসপাতালে ভর্তি হন পেলে। পরে ইনস্টাগ্রামে নিজের রুটিন চিকিৎসা নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন।
তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে তার পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা, যেহেতু আমি প্রতি মাসে (ফলোআপ) করছি তাই আমার চিকিৎসা চালিয়ে যেতে হাসপাতালে যাচ্ছি।’
‘‘আমি ইতোমধ্যেই একটি বড় টিভি এবং পপকর্ন অর্ডার করেছি। যাতে আমি পরে সুপার বোল (রাগবি) দেখতে পারি। যদিও আমার বন্ধু টমব্র্যাডি খেলছে না, তবুও আমি ম্যাচটি দেখব। ভালোবাসায় পরিপূর্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’’
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন পেলে। গত কয়েক বছরে বেশ কয়েকবার স্বাস্থ্যগত সমস্যায় পড়েন।







