প্লেঅফ খেলতে হলে শেষ সাত ম্যাচের ছয়টিতেই জিততে হবে। এমন পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজুর রহমানকে খেলানোর ইঙ্গিত দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দলটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি পোস্ট করে লিখেছে, ‘অন দ্য টার্গেট?’ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটায় মুখোমুখি হবে দুই দল।
আগের ম্যাচের হিসাব-নিকাশও বলছে মোস্তাফিজকে না খেলিয়ে বেশি সমস্যায় পড়েছে মুম্বাই। চেন্নাইয়ের বিপক্ষে বাংলাদেশি পেসারকে বাদ দিয়ে পেস-অলরাউন্ডার বেন কাটিংকে নামায় রোহিতের দল। ওই ম্যাচে কাটিং এক ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচ করেন। পরে রোহিত তাকে আর বলেই আনেননি। ওই ম্যাচে অবশ্য আট উইকেটের ব্যবধানে মৌসুমে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় দলটি।
কোহলি আর মোস্তাফিজদের অবস্থা একই রকম। সাতটি করে ম্যাচ খেলে উভয় দল দুটি করে জয় পেয়েছে। এখন একটু ভুল করলেই অতল গহ্বর!








