আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের জালালাবাদে একটি ধাত্রী প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছে।
আইনশৃংখলা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং জঙ্গিদের অস্ত্র সমর্পন অভিযান ঘোষণা করেছে বলে প্রাদেশিক মুখপাত্র আত্তাউল্লাহ খোগাইনি জানিয়েছেন। তিনি বলেন, শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জঙ্গিরা ওই কেন্দ্রে হামলা চালায়।
বিবিসি জানায়, জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে বন্দুক নিয়ে সেখানে হামলা চালায়। সেসময় ওই ভবনে ৭০ জন কর্মী ও শিক্ষার্থী ছিলেন।এদের মধ্যে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ভবন থেকে ধোঁয়াও বের হতে দেখা গেছে।
তবে কোন গোষ্ঠী এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। যদিও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই প্রদেশে সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিস্ফোরক যন্ত্র নিয়ে হামলাকারীদের ওই ভবনের পাশে সড়কে অবস্থান নিতে দেখা যায়।
কেন ওই ধাত্রী প্রশিক্ষণ কেন্দ্র হামলার লক্ষ্য করা হলো তা এখনো জানা যায়নি। তবে জঙ্গিরা প্রায়ই সরকারি ভবন ও হাসপাতাল-ক্লিনিককে তাদের হামলার লক্ষ্যবস্তু করে। এবং দেশটির অনেক ব্যক্তি অবিবাহিত নারীদের ঘরের বাইরে কাজ করার বিরোধিতা করে।







