আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
দেশটির উত্তরাঞ্চলের সার-ই-পুল প্রদেশের সিদ জেলার প্রত্যন্ত গ্রাম মির্জাওয়ালাংয়ে ওই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের একটি নিরাপত্তা চৌকি ওই হামলার প্রথম লক্ষ্য ছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে জঙ্গিরা গুলি ছুড়তে ছুড়তে পাশের মির্জাওয়ালাং গ্রামে ঢুকে পড়ে।
সার-ই-পুলের প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র বলেন, হামলার শিকার ছল মূলত শিয়া সম্প্রদায়ের লোকজন। গ্রামবাসীদের খুবই বর্বর এবং অমানবিকভাবে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ সদস্যসহ বেশ কয়েক বিদ্রোহীও নিহত হয়েছে বলেও নিশ্চিত করেন ওই মুখপাত্র।
ভয়াবহ ওই হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী তালেবান এবং কথিত ইসলামিক স্টেটের (আইএস) মিলিত একটি দল ওই হামলার জন্য দায়ী। অবশ্য বেসামরিক নাগরিকদের হত্যার দায় অস্বীকার করেছে তালেবান।
হামলাটিকে মানবতাবিরোধী উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, এই বর্বর হামলা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং একটি যুদ্ধাপরাধও বটে।








