আজ ২৩ জুন। মহান স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে ১৯৪৯ সালের এদিন পুরনো ঢাকার রোজ গার্ডেনে যাত্রা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ।
১৯৪৯ সালের ২৩ জুন পরনো ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার লক্ষ্যে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। এ দলের নেতৃত্বে থেকে একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।
আওয়ামী লীগের উপদেষ্টা আবুল মাল আব্দুল মুহিতের ভাষায়, পাকিস্তানিদের নানা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রক্ষমতায়।
দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্থায়ী কার্যালয় উদ্বোধনসহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্থায়ী রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ রাজনৈতিক ভবনে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দিনের নানা কর্মসূচি উদযাপনে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।








