দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা ও সদস্য সচিব ওবায়দুল কাদের। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন: নির্বাচনী পরিচালনা কমিটি হয়েছে। কো-চেয়ারম্যান করা হয়নি এখনও। নির্বাচন সংক্রান্ত ১৪ টি উপ কমিটি করা হয়েছে।
তিনি বলেন: নাশকতা, গাড়ি ভাংচুর ও নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে ততক্ষণ সরকারের পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।
তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এবারের নির্বাচনে মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে।







