জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর গানের মধ্য দিয়ে শেষ হলো এবারের ব্যান্ড ফেস্ট। দিনব্যাপী এই আয়োজনের সর্বশেষ শিল্পী ছিলেন আইয়ুব বাচ্চু। দর্শক-শ্রোতারা যেন অধীর আগ্রহে ছিলেন তাদের প্রিয় এই শিল্পীর গান শোনার জন্য। তাই দিনের শেষেও ছিল দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড়।
প্রিয় এই শিল্পী স্টেজে ওঠার সাথে সাথে করতালিতে মুখর হয়ে ওঠে কনসার্টের চারদিক। ‘তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়’ গানসহ জনপ্রিয় বেশ কয়েকটি গান দিয়ে কনসার্ট মাতিয়ে তোলেন শ্রোতাদের প্রিয় এবি।
শুক্রবার সকাল সাড়ে এগারোটায় চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী ব্যান্ড ফেস্টের উদ্বোধন হয়। কবুতর ও বেলুন উড়িয়ে ফেস্টের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ উপস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা।

এর আগে ১৯৭১ সালের ১ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’এ জোয়ান বায়েজের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি গেয়ে ব্যান্ড ফেস্টের সূচনা করেন কণ্ঠশিল্পী এলিটা। এরপরই ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানের সাথে পতাকা হাতে মঞ্চে একে একে উঠে আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। আজম খানের গান গাইতে গাইতে তাঁদের সঙ্গে যোগ দেন খ্যাতিমান ব্যান্ড সংগীত তারকা আইয়ুব বাচ্চু ও জলের গান, মেহেরীনসহ দেশের প্রখ্যাত অন্যান্য ব্যান্ডের সদস্যবৃন্দ।

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিট কর্পোরেশনের মেয়র আনিসুল হককে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে। চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, গত বছর চ্যানেল আই আয়োজিত তৃতীয় ব্যান্ড ফেস্ট ২০১৬ তে উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক।
সেই আয়োজনে আনিসুল হক তাঁর বক্তব্যে বলেছিলেন, ‘ব্যান্ড হল বোল্ড, ইয়াং ও বিউটিফুল’। তারুণ্যের উদ্দামতাকে সঙ্গে নিয়ে পৃথিবী জয়ের জন্য একটি গান, একটি লয় ও একটি সুরই যথেষ্ট। শিল্পের সৌন্দর্য্যকে নিজের মধ্যে ধারন করলে জীবনও বদলে যায়।
ফেস্টে উপস্থিত তরুণ ব্যান্ডশিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘তরুণরা প্রত্যেকে একটি করে শক্তি যে সমাজ ও দেশকে বদলে দিতে পারে, ভালবাসার সংজ্ঞা বদলে দিতে পারে। মানুষ স্বপ্নের চেয়েও বড়, এটি সবসময় মনে রাখবে’।
উদ্বোধন অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহীন সামাদ, ফকির আলমগীর, খুরশীদ আলম, মামুনুর রশীদ প্রমুখ।







