অসুস্থতা জনিত কারণেই লাইবেরিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড় বালাত বায়াশ এর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েকবছর ধরেই রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন: গতকাল রাতে চিকিৎসকরা ধারণা করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন বালাত। ময়না তদন্তের রিপোর্টেও চিকিৎসকরা তেমনটাই জানিয়েছেন।
তিনি বলেন: বালাত বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। এছাড়া কিডনিসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। আমরা তার ঘর থেকে বেশ কিছু হৃদরোগ ও কিডনির ওষুধসহ ব্যবস্থাপত্র পেয়েছি। তার দেহে কোন ক্ষত ছিল না।
বালাত বায়াশ ২০০৮-০৯ সেশনে চট্টগ্রাম মোহামেডানে খেলার পর ভাড়ায় বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলতেন। বুধবার গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বালাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







