শারীরিক শক্তি ও দুর্গম অভিযাত্রার জন্য বিখ্যাত ছিলেন পৌরাণিক রোমান বীর হারকিউলিস। যার কাছে অসম্ভবকে সম্ভব করা ছিলো মুহূর্তের ব্যাপার! এবার তেমনি শক্তিশালী হিসেবে দর্শকের সামনে সামনে হাজির হতে যাচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান!
না, কোনো চলচ্চিত্রে নয়। একটি বিজ্ঞাপনে এমন শক্তিশালী বীরের ভূমিকায় দেখা যাবে শাকিবকে। যে বিজ্ঞাপনটি নির্মাণ করছেন ‘বিকাল বেলার পাখি’ খ্যাত নির্মাতা আদনান আল রাজীব।
এরআগেও শাকিব খানকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করে আলোড়ন ফেলেছিলেন আদনান। দেশিয় একটি টেলিকম-এর বিজ্ঞাপনটি দেশজুড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে। সেই ধারাবাহিকতায় এবারও দেশের শীর্ষ তারকা অভিনেতাকে নিয়ে কাজ করছেন তিনি।
নির্মাতা জানালেন, ওরাল রিহাইড্রেশন সল্ট ওরস্যালাইনের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন শাকিব খান। সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্টুডিওতে শুরু হয়েছে শুটিং। চলবে মঙ্গলবার সারা দিন।
আদনান আরো জানান, এই বিজ্ঞাপনের মাধ্যমে দেশের প্রত্যকে ঘরে ঘরে সামাজিক বার্তা পৌঁছে দিবে শাকিব খান।
বিজ্ঞাপনে শাকিবের চরিত্র বিশ্লেষণ করে নির্মাতা আরো বলেন, বিজ্ঞাপনে পৌরাণিক একটা চরিত্রে শাকিব খানকে আমরা দেখব। দেখে মনে হবে, অনেক শক্তিশালী একজন, অনেকটা হারকিউলিসের মতো। যার দ্বারা অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। এটার বিশ্বাসযোগ্যতার জন্য প্রয়োজনীয় সেট বানিয়েছি।







