আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর প্রেসিডেন্ট প্রাসাদসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বাহিনী। দেশটিতে অন্তরবর্তীকালীন সরকার নয়, সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে তারা। রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলির ঘটনার পর বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে ভুল প্রমাণ করে মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলের পর রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। এরপর প্রেসিডেন্ট প্যালেসসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনার নিয়ন্ত্রণ নেয় তারা।
প্রেসিডেন্ট প্রাসাদ দখলের পর খুব শিগগিরই নতুন সরকার গঠনের ঘোষণা দেন তালেবান নেতারা। বলেন, কোন অন্তবর্তীকালীন সরকার নয়, তাদের কাছে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তালেবান বাহিনী রাজধানী দখলের পর কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরই মধ্যে এই বিমানবন্দরে স্থগিত করা হয়েছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট। এরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। দেশে ফিরতে আগ্রহী মার্কিন নাগরিকদের অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে। মার্কিন নাগরিকদের নিজ দেশে ফেরাতে আরও এক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
তালেবানকে আফগান সরকার হিসেবে বিশ্বের অন্য দেশগুলোর স্বীকৃতি দেয়া উচিত হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আফগানিস্তান সন্ত্রাসের প্রজননস্থল হোক তা কেউ চায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির এক মুখপাত্র বলেছেন আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধ করা এখন খুবই জরুরি।
সাধারণ মানুষের জীবন রক্ষায় তালেবানসহ সব পক্ষকে সর্বোচ্চ সংযম ব্যবহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।








