বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার বেলা ১১টায় জরুরি সভাটি হবে ক্রীড়া মন্ত্রণালয়ে। বিসিবির এক পরিচালক সভার ব্যাপারে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি ই-মেইলে আমন্ত্রণ পেয়েছি। নিয়ম অনুযায়ী সভাপতিকে সভা ডাকতে হয়। এখতিয়ার তারই। তিনিই সভা ডেকেছেন।’
আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকেই নাজমুল হাসানসহ বিসিবির ১৩জন পরিচালক চলে গেছেন আড়ালে। দেশের বাইরে রয়েছেন বেশিরভাগ পরিচালক।
একটি সূত্রে জানা গেছে, সভায় জুমে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন ১২ বছর বিসিবিকে নেতৃত্ব দেয়া নাজমুল হাসান।
বোর্ডের প্রথম পরিচালক হিসেবে গতকাল সোমবার পদত্যাগ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত জালাল ইউনুস। তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
নাজমুল হাসানও পদত্যাগে রাজি। আইসিসির গাইডলাইন ও বিসিবির গঠনতন্ত্র মেনে বিসিবি যাতে পুনর্গঠন হতে পারে সে জন্যই মূলত দীর্ঘসময় ঝুলে ছিল সিদ্ধান্ত। অবশেষে খুলতে যাচ্ছে জট।







