তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার অনলাইন নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সর্ম্পকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী সময়ে আইন প্রণয়নের মাধ্যমে নিবন্ধন শুরু হবে।
শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সাইবার অপরাধ দমনে যুগোপোযোগী পূর্ণাঙ্গ আইন করবে সরকার। এ বিষয়ে সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সাংবাদিকদের সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, দুঃস্থ সাংবাদিকদের সহযোগিতাসহ সাংবাদিকদের স্বার্থরক্ষায় সরকার কাজ করে চলছে।
জাতীয় পার্টির রাজনীতি নিয়ে মন্ত্রী বলেন, যার চিত্তে যা লয়, তা-ই আনন্দময়। তারা তাদের রাজনীতির ব্যাপারে ভালো বুঝবে। তাদের রাজনীতির কোনো প্রভাব সরকারে উপর পড়বেনা।
এ সময় উপস্থিত ছিলেন জাসদের ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলাল, সাধারণ সম্পাদক আবুল কাশেম এলএলবি, ফেনী পৌর জাসদের সভাপতি জাফর ইমাম ও দলীয় নেতাকর্মী সহ ফেনীতে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদকর্মীরা।






