‘এ লেভেলে’ ভালো রেজাল্ট করে অক্সফোর্ডে পড়তে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই। অক্সফোর্ডের অধীনস্ত লেডি মার্গারেট হল থেকে মালালা দর্শন, রাজনীতি ও অর্থনীতি পড়বেন।
বৃহস্পতিবার পাওয়া ফলাফলে সব শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করে মালালা এ তথ্য জানান।
গত মার্চে এই নোবেলজয়ী সবাইকে জানায়, তিনি লন্ডনের একটি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন যদি এ লেভেলে তিনটি বিষয়ে এ গ্রেড পান। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর জানা গেল তিনি সেখানেই পড়াশোনা করতে যাচ্ছেন, যেখান থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো পড়াশোনা করেছেন।
২০ বছর বয়সী মালালা ইউসুফজাই ২০১২ সালে শিক্ষায় নারীদের অধিকার বিষয়ে প্রচারণা চালানার সময় তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। তালেবান নেতৃত্বের অধীনে পাকিস্তানে তার জীবন নিয়ে লেখার পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়।
জঙ্গিরা তাকে বহনকারী স্কুলবাস আক্রমণ করে গুলি চালায়, এসময় মালালার মাথায় গুলি লাগে। আহত হয় তার আরো দুই বন্ধুও। এরপরই বিশ্বব্যাপি পরিচিত মুখ হয়ে উঠেন মালালা।
এই ঘটনার পরে পরিবার নিয়ে বার্মিংহামে চলে যান সেই কিশোরী। পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন মালালা।







