জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন টাইগার তারকা। এবার আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন লাল-সবুজের অলরাউন্ডার।
সোমবার এপ্রিল মাসের সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। মিরাজের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মিরাজ। দুই ইনিংসে মোট ১০ উইকেট নেন তিনি। চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট ও সেঞ্চুরি (১০৬ রান) করেন মিরাজ। সিরিজে মোট ১৫ উইকেট ও ১১৬ রান করেন মিরাজ। তাতেই চট্টগ্রাম টেস্টে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার উঠে তার হাতে।
নারী ক্রিকেটারদের মধ্যে এপ্রিল মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।








