ধানমন্ডিতে অবস্থিত সুরভি স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেছেন ব্যারিস্টার জাইমা রহমান। এক ফেসবুক পোস্টে তিনি স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনের মানবিক ও শিক্ষাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন।
আজ (২১ এপ্রিল) মঙ্গলবার পোস্টে জাইমা রহমান লিখেছেন, সুরভির সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি ধীরে ধীরে জানতে পারছেন, কীভাবে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি বিশেষ হয়ে উঠেছে। আর্থিক ও পারিবারিক নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, যা অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও উল্লেখ করেন, সুরভির মূল শক্তি হলো প্রতিটি কার্যক্রমে শিশু ও তাদের পরিবারকে কেন্দ্রবিন্দুতে রাখা। এর ফলাফল হিসেবে গত এক দশকে প্রতিষ্ঠানটির এসএসসি পরীক্ষার্থীদের গড় পাসের হার ৯০ শতাংশেরও বেশি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সুরভি স্কুল পরিদর্শন করেন। এসময় তারা শিক্ষার্থীদের কার্যক্রম ও উন্নয়ন প্রত্যক্ষ করেন। জাইমা রহমান বলেন, উপযুক্ত পরিবেশ পেলে বাংলাদেশের শিশুদের সম্ভাবনা কতটা বিস্তৃত হতে পারে, তা এই সফরে স্পষ্ট হয়েছে।
পরিদর্শনকালে সুরভি স্কুলের প্রতিষ্ঠাতা সাইয়েদা ইকবাল মান্দ বানুর সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময় হয়। আলোচনায় শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবার সমন্বিত কার্যক্রম এবং ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে এ মডেলের ভূমিকা গুরুত্ব পায়।
এ সফর উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রমও অনুষ্ঠিত হয়, যেখানে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে দন্ত, চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, শাহিনা খান জামান, আবু তাহেরসহ আরও অনেকে।
ফেসবুক পোস্টের শেষাংশে দেশের সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য শুভকামনা জানান জাইমা রহমান। তিনি আশা প্রকাশ করেন, সঠিক সুযোগ ও পরিবেশ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করবে।








