সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনার খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট সংলগ্ন বর্ধনগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় কানে হেডফোন লাগানো থাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের হুইসেল তিনি শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি বর্ধনগাছা এলাকায় পৌঁছালে এর ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







