পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পর সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাই করে দুর্নীতি দমন কমিশন কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
সোহেল রানা নামে পঞ্চগড় সদরের এক স্থায়ী বাসিন্দা সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছেন বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান রিটের পক্ষের আইনজীবী জামিউল হক ফয়সাল। রিটে দুর্নীতি দমন কমিশনের পক্ষে এর চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।








