সুস্থ থাকতে হলে মানসিক স্বাস্থ্যের সুস্থতা জরুরি। তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে দিবসটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে, “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার এখনই সময়।” প্রতিবছর বিশ্বব্যাপী ৭ লাখ মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি। এই প্রবণতা মূলত মানসিক স্বাস্থ্যের অসুস্থতা থেকে ঘটে থাকে।।
মানসিক স্বাস্থ্য জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের জীবনকে পরিপূর্ণ করার এবং সমাজে পরিপূর্ণভাবে অবদান রাখার সুযোগ করে দেয়। তারপরও সারা বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে একজন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে বেঁচে থাকে।
বিশেষজ্ঞদের মতে, মানসিক সমস্যার মূল কারণ দারিদ্র্য, অসমতা, সহিংসতা, বৈষম্য। এসব সমস্যাকে ভয় না পেয়ে বরং মোকাবেলা করতে হবে। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য নির্দিষ্ট কিছু সময় ব্যায়াম করতে হবে। তবেই মানসিক চাপ থেকে মুক্তি মিলবে।
বর্তমান প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য মৌলিক মানবাধিকার। তাই চিকিৎসকরা মনে করছেন, সবারই এই সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় এসে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।







