বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কিনেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিশ্বকাপের খেলা সম্প্রচারের জন্য বিটিভি ৪৭ কোটি টাকার চুক্তি করেছে।
প্রতিমন্ত্রী জানান, বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কেনার ক্ষেত্রে ভ্যাটসহ মোট ব্যয় হবে প্রায় ৬৩ কোটি টাকা। তবে এই অর্থ সরকারের বহন করতে হবে না।
তিনি বলেন, বিটিভি ইতোমধ্যে আই স্ক্রিন, টি স্পোর্টস, সময় টিভিসহ কয়েকটি অনলাইন ও সম্প্রচারমাধ্যমের কাছে সম্প্রচারের স্বত্ব বিক্রি করেছে। এছাড়া বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় হবে।
ইয়াসের খান চৌধুরীর ভাষ্য, স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে পুরো ব্যয় উঠে আসবে। ফলে বিটিভি তথা সরকারের কোনো আর্থিক ক্ষতি বা অতিরিক্ত ব্যয় হবে না।
তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবল দেশের দর্শকদের কাছে সহজলভ্য করতে এবং ব্যাপক পরিসরে খেলা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।







