শারজায় স্কটল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করা নিগার সুলতানা জ্যোতির দলের সামনে এবার বড় প্রতিপক্ষ ইংল্যান্ড। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামার আগে টি-টুয়েন্টি বিশ্বকাপে ১০ বছর পর পাওয়া জয়টায় বড় অনুপ্রেরণা বাংলাদেশের।
সংযুক্ত আরব আমিরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ইংলিশ মেয়েদের মুখোমুখি হবে টিম টাইগ্রেস।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই। দ্বিতীয় ম্যাচে নামার আগে মিডলঅর্ডারের ভরসা সোবহানা মোস্তারি ইংল্যান্ড ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইংল্যান্ড দল বরাবরই ভালো দল, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সেরা তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সাথে, তারপরও আমরা আশাবাদী। সেমিফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের সাথে আমাদের কালকের যে ম্যাচ সেটা অবশ্যই বিবেচেনায় রাখব জেতার। বাকি ম্যাচগুলোও আমরা ধরার চেষ্টা করব।’
ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে আগের তিন দেখায় তিনবারই হেরেছে বাংলাদেশ, যার সর্বশেষটি ২০১৮ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে আর একবারই দেখা হয়েছে এই দুই দলের, সেটি ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে। বোলিংয়ে মোটামুটি ভালো করলেও সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ঠিক ১০০ রানে। শারজায় আজ তাই কঠিন পরীক্ষাই দিতে হবে নিগারদের।
ম্যাচের আগেরদিন নির্ধারিত কোনো অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। ঐচ্ছিক অনুশীলন করেছেন পেসার জাহানারা আলম, দিশা বিশ্বাস, দিলারা আক্তার, সুলতানা খাতুন, তাজ নেহার এবং মুর্শিদা খাতুনরা।









