মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগ্রেস। পাকিস্তান মেয়েদের ২৩ রানে হারিয়েছে দিলারা আক্তারের দল।
দুবাইতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৭ উইকেটে ১৪০ রান তোলে লাল-সবুজের দল। পাকিস্তানকে লক্ষ্য তাড়ায় পাঠিয়ে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে দেয় বাঘিনীরা।
টাইগ্রেস ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার। ওপেনার সাথী রানী ১৬ বলে ২৩ রান, নিগার সুলতানা জ্যোতি ২২ বলে ১৮ রান এবং তাজ নেহার ২০ বলে ১৭ রান করেন।
পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন দিয়ানা বেগ, নিদা দার, তুবা হাসান ও ওমাইমা সোহাইল।
রানতাড়ায় নেমে পাকিস্তান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন ওমাইমা সোহাইল। ৩৩ বলে ৩৩ রান করেন। বাকিদের মধ্যে গুল ফিরোজা ১৬ বলে ১৭ এবং অধিনায়ক ফাতিমা সানা ১২ বলে ১৭ রান করেন।
টাইগ্রেস বোলারদের হয়ে মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার দুটি করে উইকেট নেন। নাহিদা আক্তার নেন এক উইকেট।








