প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে পাওয়া দুটি গোলের সুবাদে মেয়েদের ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে যাওয়ার পথে এক পা দিয়ে রেখেছে জাপান। কোস্টারিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে সূর্যোদয়ের দেশটি।
সি-গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে জাপান টেবিলের শীর্ষে আছে। এক ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া স্পেন দুইয়ে। দুই ম্যাচ খেলা কোস্টারিকা ও এক ম্যাচ খেলা জাম্বিয়া এখনো পয়েন্টের মুখ দেখেনি।
বুধবার ডানেডিনে সি-গ্রুপের ম্যাচের ২৫ মিনিটে মিনা তানাকার অ্যাসিস্টে বল পেয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন হিকারু নাওমোতো। দুই মিনিট পর আবারো গোলের উৎস ছিল তানাকার পাস। বল আদায় করে ডান পায়ে দুরহকোণ থেকে নেয়া শটে বল জালে জড়ান আওবা ফুজিনো।
ইডেন পার্কে দিনের আরেক ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে জিতলেই জাপানকে সঙ্গী করে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটবে স্পেন।







