২০২২ সালের জন্য ছেলেদের ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা দ্বিতীয়বার বর্ষসেরা হলেন ওয়ানডের বর্তমান শীর্ষ ব্যাটার। মেয়েদের বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের পেস-অলরাউন্ডার নাতালি রুথ সিভার। বৃহস্পতিবার আইসিসি নির্বাচিতদের নাম জানায়।
ওয়ানডে র্যাঙ্কিয়ের এক নম্বর ব্যাটার ডানহাতি বাবর গত পঞ্জিকাবর্ষে খেলেছেন ৯ ম্যাচ। ৮৪.৮৭ গড়ে করেছেন ৬৭৯ রান। সেঞ্চুরি পেয়েছেন তিনটি, ফিফটি পাঁচটি।
২০২১ সালের বর্ষসেরা বাবর গতবছর আরও ধারাবাহিক ছিলেন। ২০২১-এর জুলাইয়ে নাম্বার ওয়ান ব্যাটার হওয়ার পর এপর্যন্ত কেউ তার জায়গা নিতে পারেননি। গতবছর নয় ম্যাচ খেললেও লাহোরে মাত্র এক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তার দল। ওই সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৪ করেছিলেন বাবর।
তিন সংস্করণেই সেরা দশে থাকা ব্যাটার গতবছর ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরিটি পান। সেই সিরিজে পাকিস্তান নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছিল।
অন্যদিকে, মেয়েদের সেরা নাতালি গতবছর ১৭ ম্যাচ খেলে ৯১.৪৩ স্ট্রাইকরেটে করেছেন ৮৩৩ রান। ৫৯.৫ ব্যাটিং গড়ের সঙ্গে রয়েছে ১১ উইকেট।
২০২২ মেয়েদের বিশ্বকাপে দারুণ কাটে নাতালির। ৭০ গড়ে আসরের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক করেন ৪৩৬ রান। ১২১ বলে ১৪৮ রানের সর্বোচ্চ ইনিংসটি আসে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সতীর্থদের দ্রুত আসা যাওয়ায় অস্ট্রেলিয়ার চেয়ে ৭১ রান আগে ইংল্যান্ডের ইনিংস থেমে না গেলে তার ব্যাটে চ্যাম্পিয়ন হতে পারত ইংলিশরা।








