মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পোলিশ তারকা ইগা সুয়েটেককে হারিয়ে সেমিফাইনালে গেছেন ইউক্রেনের এলিনা সভেতলিনা। ম্যাচ শেষে সভেতলিনা জানান, জয়ের মানসিক শক্তি পেয়েছেন চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে।
ছেলেদের কোয়ার্টারে রুশ তারকা আন্দ্রে রুবলেভকে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছেন রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ।
উইম্বলডনে নারী এককের কোয়ার্টারে সুয়েটেকের বিপক্ষে ৭-৫, ৬-৭ (৫-৭) ও ৬-২ ব্যবধানে জিতেছেন সভেতলিনা। রুবলেভকে ৩-১ সেটে হারিয়েছেন জোকোভিচ। শেষ চারে সার্বিয়ান মহাতারকার প্রতিপক্ষ ইতালির ইয়ানিক সিনার।
শেষ চারের লড়াইয়ে বৃহস্পতিবার মার্কেতা ভন্ড্রোসোভার মুখোমুখি হবেন ২৮ বছর বয়সী সভেতলিনা। শেষ আটের খেলায় চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে ৬-৪, ২-৬ ও ৬-৪ সেটে হারান ২০১৯ ফরাসি ওপেনের রানার্সআপ ভন্ড্রোসোভা।
সভেতলিনা ম্যাচ শেষে বলেছেন, ইউক্রেনীয়দের ‘সামান্য আনন্দিত’ করতে পেয়ে নিজেও অনেকবেশি খুশি হয়েছেন। দেশটিতে চলমান যুদ্ধই তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।
‘মানসিকভাবে আসলে কঠিন পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে নেই না। জীবনে আরও খারাপ জিনিস আছে। মনে করি যুদ্ধ আমাকে শক্তিশালী করেছে, এমনকি মানসিকভাবেও।’








