মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে দেবেন না।
তিনি আরও বলেন, ইরানি কর্মকর্তারা তার সাথে দেখা করতে চান।
শনিবার (৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনি মনে করেন, ইরান অন্য কোনও স্থানে এটি পুনরায় শুরু করতে পারে। এসময় তিনি আরো বলেন, “ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
ট্রাম্প আরও বলেছেন, সোমবার হোয়াইট হাউস সফরের সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ইরান নিয়ে আলোচনা করবেন, যেখানে সম্ভাব্য গাজা যুদ্ধবিরতি এজেন্ডার শীর্ষে থাকবে বলে আশা করা যাচ্ছে।
হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপনের পর নিউ জার্সিতে ভ্রমণকালে ট্রাম্প বলেন, আমি মনে করি তাদের অন্য কোনও জায়গা থেকে শুরু করতে হবে এবং যদি তারা শুরু করে, তবে এটি একটি সমস্যা হবে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে যে তারা ইরান থেকে তাদের পরিদর্শকদের প্রত্যাহার করেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক বোমা হামলার শিকার দেশটির পারমাণবিক স্থাপনাগুলিতে তাদের ফিরে আসার বিষয়ে অচলাবস্থা আরও তীব্র হচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তেহরান পারমাণবিক বোমা তৈরির ইচ্ছা অস্বীকার করে আসছে, বহু বছর ধরে পুনর্ব্যক্ত করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ব্যবহারের জন্য। মার্কিন গোয়েন্দা সংস্থা বা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি কেউই বলেননি যে তারা এমন কোনও প্রমাণ খুঁজে পেয়েছেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।







