ছোট পর্দার তুমুল জনপ্রিয় নাট্য নির্মাতা সাগর জাহান। আরমান ভাই, সিকান্দার বক্স, অ্যাভারেজ আসলাম-এরকম বেশকিছু জনপ্রিয় নাটকের সঙ্গে লেপ্টে আছেন তিনি। গুণী এই নির্মাতা আসন্ন ভালোবাসা নিখাদ প্রেমের গল্প নিয়ে হাজির!
সাগর জাহান পরিচালিত আইস্ক্রিন অরিজিনালস ওয়েব ফিল্মটির নাম ‘আসবে কি ফিরে?’ আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছেন, আগামি ১৪ ফেব্রুয়ারি থেকে আইস্ক্রিনের দর্শকরা সাগর জাহান নির্মিত এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন।
‘আসবে কি ফিরে?’-তে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় তারকা দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। এরইমধ্যে আইস্ক্রিন থেকে প্রকাশিত হয়েছে এর ট্রেলার।
প্রায় পৌনে দুই মিনিটের ট্রেলারজুড়ে বাসার ও তিশার প্রেম, খুঁনসুটিই উঠে এসেছে। মনোরম সংলাপে। ‘পরিণতি জানা নেই; তবু, রূপাদের সাথে মাঝে মাঝেই হিমুদের দেখা হয়!’ কিন্তু শেষ পর্যন্ত কি হিমু রূপাদের পরিণয় হয়?- তাই নিয়ে আছে নাটকীয়তা।
ট্রেলারের শেষে দেখা যায়, বাসার-তিশার প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। থানা পুলিশ, শেষে হাতকড়া পড়ে বাসারের হাতে! তিশাকে ছেড়ে যাওয়ার আগে বাসার বলে যায়,‘আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি মুক্ত হবোই। হয়তো চিরদিনের জন্য তোমার কাছে চলে আসার ব্যবস্থাই হচ্ছে।’
শেষ পর্যন্ত কি প্রেমিকার কাছে ফিরে আসতে পারে বাসার? সেটা জানতে হলে আইস্ক্রিনের ‘আসবে কি ফিরে?’র জন্য অপেক্ষা করতে হবে, ভালোবাসা দিবস পর্যন্ত।








