আন্তর্জাতিক

বিচ্ছেদের জন্য টাকা দাবি করায় ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তদন্ত ও পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন, একটি ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ গাড়ি উপস্থিত রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের জন্য এক কোটি ৩০ লাখ টাকা দাবি করায় ৩৫ বছরের স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করিয়েছেন ৭১ বছরের বৃদ্ধ স্বামী এসকে গুপ্ত। প্রতিবন্ধী ছেলেকে দেখভালের জন্য দ্বিতীয় বিয়ে করেছিলেন এই বৃদ্ধ। তবে বিয়ের ছয় মাসের মধ্যেই স্ত্রীকে হত্যা করিয়েছেন বলে অভিযুক্ত হয়েছেন এসকে।

বৃহস্পতিবার ১৮ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বুধবার নয়াদিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত এসকে গুপ্তের প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা যান। তার ৪৫ বছর বয়সি ছেলে অমিত শারীরিকভাবে প্রতিবন্ধী। তাই ছেলের দেখভালের জন্য গত বছরের নভেম্বরে দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু দ্বিতীয় স্ত্রী অমিতের দেখাশোনা করতেন না। তাই দেখে বৃদ্ধ এসকে তার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের জন্য এসকের কাছে এক কোটি ৩০ লাখ টাকা দাবি করেন দ্বিতীয় স্ত্রী। এর পরই এসকে রেগে গিয়ে স্ত্রীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিপিন নামের এক যুবক এসকের ছেলেকে হাসপাতালে নিয়ে যেতেন। তাকে সাথে নিয়ে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেন বৃদ্ধ এসকে। স্ত্রীকে খুন করার জন্য বিপিনের সাথে ১০ লাখ টাকার চুক্তিও করেন তিনি। এমনকি বিপিনকে আগাম আড়াই লাখ টাকাও দেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত বিপিন এবং তার সহযোগী হিমাংশু বুধবার দুপুর আড়াইটার দিকে এসকের বাড়িতে পৌঁছান। তার স্ত্রী দরজা খুলে দেওয়ার পরই তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। একাধিক আঘাতে তার মৃত্যু হয়। পরে ডাকাতির ঘটনা হিসেবে দেখাতে অভিযুক্তরা এসকের বাড়ি ভাঙচুর করে। এছাড়াও নিহত নারীর এবং অমিতের মোবাইল কেড়ে নিয়ে যান তারা।

এসকে বাড়ি ফিরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে তদন্ত নেমে পুলিশ এসকে-কে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনে জড়িত থাকার কথা স্বীকার করেন। এর পরই পুলিশ চার অভিযুক্ত- এসকে, তার ছেলে অমিত এবং বিপিন ও হিমাংশুকে গ্রেফতার করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…