জেরুজালেমের ইসরায়েলি সংসদের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ধরা পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার ফোনের পিছনের ক্যামেরা লাল টেপ দিয়ে ঢেকে রাখেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, নেতানিয়াহু তার কালো লাক্সারি গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কারও সঙ্গে কথা বলছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পডকাস্টার মারিও নাওফাল মন্তব্য করেছেন, নেতানিয়াহুর ফোনের ক্যামেরা লেন্স এবং সেন্সর মোটা লাল টেপ দিয়ে ঢাকা। তিনি প্রশ্ন করেছেন, নেতানিয়াহু কেন তার ফোনের ক্যামেরার উপর টেপ দিয়েছেন? তিনি কার জন্য সতর্ক?
তিনি আরও উল্লেখ করেছেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন সতর্কতা বোধ করেন, তবে সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন হওয়া উচিত।
কেন টেপ দেওয়া হয়?
আমেরিকান মিডিয়া আউটলেট হাইপফ্রেশ জানিয়েছে, নেতানিয়াহুর ফোনে লাল স্টিকার ব্যবহার, এটি একটি ‘ট্যাম্পার-এভিডেন্ট সিল’, যা উচ্চ-সুরক্ষা এলাকায় ব্যবহৃত হয়। স্টিকারটি ক্যামেরা ঢেকে রাখে এবং কোনো সংবেদনশীল তথ্য ছবি আকারে ফাঁস বা রেকর্ড হওয়ার সম্ভাবনা কমায়।
ফোনে ক্যামেরা, মাইক্রোফোন ও অন্যান্য সেন্সর থাকে, যা গোপন তথ্য রেকর্ড বা ফাঁস করতে ব্যবহার করা যেতে পারে। কনেসেটের গোপন বিভাগসহ সীমিত সরকারি এলাকাগুলোতে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ।
ক্ল্যাশ রিপোর্ট জানিয়েছে, স্টিকার লাগানো একটি নিরাপত্তা পদক্ষেপ, যা গোপন তথ্য রেকর্ডিং রোধে সাহায্য করে।
ইসরায়েল কিছু স্মার্টফোন এবং অ্যাপস যেমন টিকটক ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে জাতীয় নিরাপত্তার কারণে। দেশটির স্পাই প্রযুক্তি উন্নত এবং মাঝে মাঝে নিজের নাগরিকদেরও অনুমতি ছাড়া নজরদারি করা হয়েছে। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ইসরায়েল ভিত্তিক এনএসও গ্রুপের পেগাসাস সফটওয়্যার, যা সাংবাদিক, একটিভিস্ট, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিশ্বের বিভিন্ন নেতাকে নজরদারিতে ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
২০২২ সালে অভিযোগ ছিল, ইসরায়েলি পুলিশ অনুমোদন ছাড়া সাধারণ নাগরিক, এক্টিভিস্ট ও সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি করেছে স্পাইওয়্যার যন্ত্র ব্যবহার করে।







