শুক্রবার (৩০ মে) বোস্টনের ফেনওয়ে পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পপ তারকা শাকিরার একটি কনসার্ট। যেই কনসার্টটি শাকিরা মঞ্চে ওঠার কয়েক ঘণ্টা আগেই বাতিল করে দেয় আয়োজকরা।
এর একদিন পর শনিবার (৩১ মে) ওয়ার্ল্ড প্রাইড ২০২৫ নামক তার আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেটিও সময়ের ঠিক একদিন আগে বাতিল করা হল।
আর দুটি কনসার্ট বাতিলের প্রসঙ্গ উঠতেই গায়িকার স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জল্পনা-কল্পনা শুরু হয়েছে, কারণ কিছুদিন আগেই তিনি স্টেজে পড়ে গিয়েছিলেন। তবে কি শো বাতিল করার পেছনে এটাই কারণ?
আমেরিকার রাজধানীতে ‘ওয়ার্ল্ড প্রাইড ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে সরঞ্জামের সমস্যার কারণে হঠাৎ করেই কনসার্টটি বাতিল করে দিয়েছিলেন শাকিরা। ওয়ার্ল্ড প্রাইড আয়োজক ক্যাপিটাল প্রাইড অ্যালায়েন্স শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কনসার্টটি বাতিল হওয়ায় আমরা গভীরভাবে হতাশ। পুনঃস্থাপিত উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আপডেট যত তাড়াতাড়ি চূড়ান্ত হবে তত তাড়াতাড়ি প্রকাশ করা হবে!’
এদিকে বোস্টনের ফেনওয়ে পার্ক কনসার্টটি বাতিলের পর এক বিবৃতিতে বলা হয়েছে,’অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে, যে অনুষ্ঠানটি ২৯ মে এবং ৩০ মে ফেনওয়ে পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি বাতিল করা হয়েছে। আপনাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
গত সপ্তাহে এক কনসার্ট চলাকালীন শাকিরা আচমকা পড়ে যান মঞ্চে। সেই পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। খুব স্বাভাবিকভাবে কনসার্ট বাতিলের পরপরই মানুষ ভাবেন শারীরিক অসুস্থতার জন্য শাকিরা কনসার্ট বাতিল করলেন। তবে জানা গেছে, শাকিরা একদম সুস্থ আছেন।








