রাতে ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে, ভ্লাদিমির পুতিন যুদ্ধ বিধ্বস্ত মারিউপোলে তার প্রথম সফর করেছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের মারিউপোল অনেক আগেই নিয়ন্ত্রণে নেয় রাশিয়া।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মারিউপোল সফরের কিছু অংশ ট্রেস করতে পেরেছে তারা। রাউট করে দেখা যায় বেশ কয়েকটি হামলার স্থান পরিদর্শন করেছেন তিনি। রাশিয়ান মিডিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুতিন শহরের কনসার্ট হলের দিকে যাওয়ার সময় একজন সফর সঙ্গীর সাথে কথা বলছেন।
ইউক্রেনের মারিউপোলের নির্বাসিত মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেন, সেখানে যা ঘটেছে তার জন্য পুতিন ব্যক্তিগত ভাবে দায়ী।
মাইরু অ্যাভিনিউ থেকে নেমে যাওয়ার সময় তার বাম দিকে মারিউপোলের ফ্রিডম স্কোয়ারে একটি পাখির ভাস্কর্য দেখা যায়। ডানদিকের ফুটেজে দেখা যায় মারিউপোলের ম্যাটারনিটি হাসপাতাল, যা গত মার্চে একটি বোমা হামলার ঘটনায় ধ্বংসস্তূপে পরিণত হয়।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এটিকে একটি যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। তবে লন্ডনে রাশিয়ার দূতাবাস দাবি করেছে যে হাসপাতালটি অব্যবহৃত ছিল।
ভিডিও ফটেজে দেখা যায় তিনি কালো টুপি পরা একজন ব্যক্তির পাশে বসে আছেন, যাকে রাশিয়ান মিডিয়া রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন বলে চিহ্নিত করেছে।
এসময় পুতিনকে মারিউপোলের নেভস্কি জেলায় একটি নতুন আবাসিক কম্পাউন্ডে হাটতে দেখা যায়, উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন তাকে পুনর্গঠনের কিছু পরিকল্পনা দেখান। তিনি একটি তিন কক্ষ বিশিষ্ট অ্যাপার্টমেন্টেও পরিদর্শন করেন। নেভস্কি স্থানটি হল শহরের পশ্চিমে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লক নিয়ে গঠিত একটি নতুন জেলা। এটির নামকরণ করা হয়েছে নেভা নদীর নামানুসারে।
মারিউপোলের বাসিন্দারা বলছেন, নতুন ভবন তৈরি হচ্ছে এবং রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা ক্ষতিগ্রস্ত কিছু ভবন সরিয়ে নেওয়া হচ্ছে। জাতিসংঘ অনুমান করেছে যে রাশিয়ার আক্রমণে ৯০% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
নরওয়েজিয়ান সাংবাদিক মর্টেন রিসবার্গ বলেন, “তারা রাস্তার নাম পরিবর্তন করছে, রাশিয়ান রং দিয়ে ছবি আঁকছে এবং সর্বত্র রাশিয়ার পতাকা লাগাচ্ছে।” তিনি বলেন, “আপনি মারিউপোল পুনর্নির্মাণ করতে পারেন – আপনি মৃতদের ফিরিয়ে আনতে পারবেন না।”
পুতিন পায়ে হেটে মারিউপোলে রাশিয়া নির্মিত নতুন কম্পাউন্ড পরিদর্শন করেন। তবে এই বিষয়ে পুতিনের কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।








