‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিগত ২০ বছরে যারা উঠেছেন, তারাই বাংলাদেশের শোবিজে নাটক-সিনেমাতে প্রতিষ্ঠিত হয়ে ক্যারিয়ার গড়েছেন। সাত বছর পর শুরু শুরু হওয়া দেশের সবচেয়ে নামী এই ‘বিউটি কম্পিটিশন’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায়।
রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে জমকালো এবং তারকা খচিত এবারের আসরে চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগীর মধ্যে একজনের হাতে উঠবে ট্রফি!
গেল বছর লক্ষাধিক প্রতিযোগীর আবেদনের পর যাচাই-বাছাই করে ১১ হাজার প্রতিযোগিকে ডাকা হয়েছিল। তাদের মধ থেকে সেরা দশ জনকে বেছে নিয়ে গেল বছর সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার শুরু হয়েছিল লাক্স সুপারস্টার প্রতিযোগিতা।
চূড়ান্ত আসরে প্রতিযোগিতায় অংশ নেয়া পাঁচ প্রতিযোগী হলেন চট্টগ্রামের মেয়ে আমিনা ইসলাম, রাজশাহীর বিদুষী বর্ণিতা, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল, এবং পাবনার মেয়ে নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
চূড়ান্ত আসরে তাদের একজনের হাতে উঠবে বিজয়ীর ট্রফি। যেটি সোয়ারোভস্কি দিয়ে নির্মিত, এটি অস্ট্রিয়ান ব্র্যান্ড, যা মূলত কৃত্রিম হীরা বা ক্রিস্টাল গয়নার জন্য বিশ্বজুড়ে পরিচিত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজন আরও বিস্তৃত, আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। খুঁজে বের করা হয়েছে এমন প্রতিযোগীদের, যাদের মধ্যে আছে অভিনয়ের প্যাশন, স্টাইল নিয়ে নিজস্ব চিন্তা আর কনটেন্ট মেকিংয়ের মাধ্যমে নিজের গল্প বলার ইচ্ছা।
এই প্রতিযোগীদের শুরু থেকে নানাভাবে গ্রুমিং, ক্যাম্পিংসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছিলেন আজরা মাহমুদ। বিচারকের দায়িত্বে ছিলেন জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী ও মেহজাবীন চৌধুরী।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি চ্যানেল আই, আইস্ক্রিনের সকল প্ল্যাটফর্ম ও লাক্স বাংলাদেশের ফেসবুক পেজ থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।







