ফুটবল

৪৭ বছর পর ফাইনালে উঠে দেখলেন স্বজনদের পেটাচ্ছে

দর্শকদের মধ্যে সংঘর্ষের সময়ের ছবি, ফুটবল স্টেডিয়ামে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল স্টেডিয়ামে দর্শকদের মধ্যে সংঘর্ষের সময়ের ছবি, উত্তেজনা ও চাপের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডাচ ক্লাব এজেড আলকমারকে ১-০ গোলে হারিয়ে ৪৭ বছর পর ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। রেফারি শেষ বাঁশি বাজানোর পর দলটির সদস্যরা পড়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিতে। আলকমারের কিছু উগ্র সমর্থক গ্যালারিতে থাকা ওয়েস্ট হ্যাম ফুটবলারদের স্বজনের উপর হামলা করে বসে।

আলকমারের মাঠ এএফএএস স্টেডিয়ামে ম্যাচের পর স্বাগতিকদের উগ্র সমর্থকরা হামলাটি চালায়। ওয়েস্ট হ্যাম ফুটবলারদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, কর্মকর্তারা হামলার শিকার হন। গ্যালারিতে দলটির কোচ ডেভিড ময়েসের বাবাও ছিলেন।

প্রত্যক্ষদর্শী এক ওয়েস্ট হ্যাম সমর্থক বলেছেন, ‘কালো শার্ট ও মাথায় হুড পরিহিত অবস্থায় আলকমার সমর্থকরা আক্রমণ করেছিল।’

স্বজনদের উপর হামলার দৃশ্য দেখে কয়েকজন ফুটবলার স্বাগতিক দর্শকদের সঙ্গে সংঘর্ষে জড়ান। বিষয়টি নিয়ে ডেভিড ময়েস বলেছেন, ‘আমি ব্যাখ্যা করতে পারব না আসলে কী ঘটেছিল এবং ঘটছিল। খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সম্ভবত তাদের পরিবারের উপর হামলার প্রতিক্রিয়ায় এমন হয়েছে। নিরাপত্তারক্ষীরা আমাকে সরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু আমি নিশ্চিত করতে চাইছিলাম যে এ ঘটনার জন্য আমার দলের খেলোয়াড়রা দায়ী নয়।’

ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আলফোনস আরেওলা বলেছেন, ‘হামলা যে স্থানে করা হয়, সেখানে আমার পরিবারের মানুষজন ছিল। আমরা তাদের নিয়ে চিন্তিত ছিলাম।’

উগ্র সমর্থকদের আচরণের জন্য আলকমারের কোচ প্যাসকেল জানসেন ক্ষমা চেয়েছেন, ‘আমাদের স্টেডিয়ামে যা ঘটেছে তাতে আমি লজ্জিত। এমন ঘটা উচিৎ হয়নি। আপনার নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন।’

বিষয়:ইউরোপা কনফারেন্স লিগওয়েস্ট হ্যাম ইউনাইটেডময়েসলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…