আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদে ভারতের দাবিতে রাশিয়ার সমর্থন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদে ভারতের দাবিতে রাশিয়ার সমর্থন

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারতের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) দেওয়া বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ সমর্থনের কথা জানান।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ব্রাজিল ও ভারতের স্থায়ী সদস্যপদের প্রার্থিতার প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে।

তিনি বলেন, ‘আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। স্থায়ী সদস্যপদের জন্য আমরা ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে সমর্থন করি।’

তবে নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর আরও আসন বাড়ানোর বিরোধিতা করেন ল্যাভরভ। বিশেষ করে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, দেশ দুটি ‘সামরিকবাদ ও প্রতিশোধপরায়ণতার পথে এগোচ্ছে’।

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদ সংস্কারের নামে পশ্চিমা দেশগুলোর জন্য অতিরিক্ত আসন বরাদ্দ করা উচিত নয়। বিশেষ করে জার্মানি ও জাপানের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন হলেও এর বর্তমান স্থায়ী সদস্যদের মূল ক্ষমতা ও বিশেষ অধিকার খর্ব করা যাবে না বলেও সতর্ক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার পাশাপাশি মরিশাসও সমর্থন জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ভারতের প্রার্থিতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদ সংস্কারে জি-৪ ও এল৬৯ জোটের অবস্থানকে তারা সমর্থন করেন এবং বৈশ্বিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির স্থায়ী সদস্যপদের প্রার্থিতার প্রতি সমর্থন রয়েছে।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশ। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০টি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।

নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন করতে জাতিসংঘের সনদ সংশোধনের প্রয়োজন। এ জন্য সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটের পাশাপাশি সদস্য দেশগুলোর দুই-তৃতীয়াংশের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। এর মধ্যে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অনুমোদনও বাধ্যতামূলক।

রাশিয়া ভারতের দাবির প্রতি সমর্থন অব্যাহত রাখলেও নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রক্রিয়া এখনো অচলাবস্থায় রয়েছে। স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীন নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার বিরোধিতা করে আসছে।

বিষয়:ইউএনএসসিজাতিসংঘের নিরাপত্তা পরিষদভারতরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…