জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এই রায়কে স্বাগত জানাই। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই, এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার শান্তি পাবে, আমরা শান্তি পাবো।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে হবে। সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করেছেন, আমরা আশা করবো এবং দাবি জানাব, তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন। শেখ হাসিনা এখন গুম, খুনে এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার-ফ্যাসিস্ট শাসকরা রয়েছে, তার বিচারের মাধ্যমে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই রায়কে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এ রায় কার্যকর করতে হবে। গত ১৬ বছরে যেসব অপরাধ সংঘটিত করেছে সেই বিচারের আমরা একধাপ এগোলাম।
শুধু শেখ হাসিনা নয়, প্রাক্তন ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালে রায়ও কার্যকর চাই। এছাড়া যেসব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল ফ্যাসিস্ট ও তার দোসর এবং যেসকল সরকারি কর্মকর্তারা অভিযুক্ত তাদেরও দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও এই বিচার প্রক্রিয়া যেন অব্যাহত থাকতে হবে যেন কোনো বাধা বিপত্তি যেন না আসে।








