গত ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার আগে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। শেষ মুহূর্তে পুরস্কারটি তিনি পাননি। তবে নানা বিতর্ক ছাপিয়ে ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতেন ভিনি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্ষসেরায় তাকে ভোট দেন ফিফাভুক্ত জাতীয় দলের অধিনায়ক, কোচ ও ক্রীড়া সাংবাদিকরা। যেখানে লিভারপুলের মোহাম্মেদ সালাহ বেছে নেন ব্রাজিলিয়ান তারকাকে। সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিলেন মিশরীয় তারকা।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে মিশর জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভোট দেন সালাহ। ৪৮ পয়েন্টে নিয়ে ফিফা বর্ষসেরা হন ভিনিসিয়াস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ব্যালন ডি’অরজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি পান ৪৩ পয়েন্ট। বর্ষসেরার দৌড়ে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম পান ৩৭ পয়েন্ট।
ভিনিকে ভোট দেয়ার ব্যাখ্যায় লিভারপুল তারকা সালাহ বলেছেন, ‘ভিনিসিয়াস জুনিয়র খুব দুর্দান্ত একজন খেলোয়াড়। সে কারণেই তাকে বেছে নেয়া। প্রতিবছরই উন্নতি করছে এবং আশা করি এই ফর্ম সামনেও ধরে রাখবে। তাকে ভোট দিয়েছি, কারণ এটি তার প্রাপ্য। তার এটা চালিয়ে যাওয়া এবং নিজের খেলাটা উপভোগ করা উচিৎ।’
এপর্যন্ত ব্যালন ডি’অর না জেতা সালাহ এবারসহ দুবার ছিলেন সেরা পাঁচে। ২০২৪-২৫ মৌসুমে তার নামটা উচ্চারিত হচ্ছে পুরস্কারের তালিকায়। অলরেডদের হয়ে চলতি মৌসুমে ২০-এর বেশি গোলে অবদান রেখেছেন। টানা আট মৌসুমে তিনি ওই অঙ্ক ছুঁয়েছেন। গোল্ডেন বল জেতা প্রসঙ্গে সালাহ বলছেন, ‘বিশ্বের সেরা পুরস্কার জয়? এটি কঠিন। মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। শুধু নিজের সেরাটা দিতে চাই, যা দলের সর্বোচ্চ অর্জন পেতে প্রয়োজন।’








