রিয়াল মাদ্রিদের নতুন মৌসুম দারুণভাবেই শুরু করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ছন্দে থাকা ব্রাজিলিয়ান হোঁচট খেলেন চোটের কবলে। ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে খেলা হচ্ছে না তারকা ফরোয়ার্ডের। তার বদলি হিসেবে ব্রাজিল দলে ডাক পেয়েছেন রাফিনহা।
শুক্রবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে ঊরুর মাংসপেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়াস। স্প্যানিশ সংবাদমাধ্যম খবর, চোটের কারণে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে সেপ্টেম্বরে হতে চলা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই রিয়াল মাদ্রিদ তারকাকে পাচ্ছে না সেলেসাওরা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভাগের সঙ্গে ব্রাজিল ফুটবল দলে চিকিৎসক রদ্রিগো লাসমার যোগাযোগ করেছিলেন। মাদ্রিদ থেকে প্রাপ্ত স্ক্যান রিপোর্ট দেখে তার ডান ঊরুর মাংসপেশিতে চোট সম্পর্কে নিশ্চিত হয়েছে সিবিএফ। এ কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড খেলতে পারবেন না ভিনি। তার জায়গায় ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ বার্সেলোনার রাফিনহাকে দলে নিয়েছেন।
আগামী ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে খেলবে ব্রাজিল। চার দিন পর লড়বে স্বাগতিক পেরুর বিপক্ষে।








