দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ঘোষণা দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘ভিরোশ’ জুটি আগামী ২৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন। বিয়ের আগে তাদের রিল থেকে রিয়েল লাইফ প্রেমকাহিনি এখন আলোচনার কেন্দ্রে।
‘গীতা গোবিন্দ’ থেকে শুরু
২০১৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘গীতা গোবিন্দ’–এর শুটিং সেটে প্রথম পরিচয়। সেটি ২০১৭ সালের দিকে। ছবিতে বিজয় গোবিন্দ ও গীতা কানুগান্তি চরিত্রে তাদের রসায়ন দর্শকের নজর কাড়ে। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং এই জুটিকে নিয়ে শুরু হয় ভক্তদের উন্মাদনা।
‘ডিয়ার কমরেড’ ও গুঞ্জনের ডালপালা
২০১৯ সালে আবারও একসঙ্গে কাজ করেন ‘ডিয়ার কমরেড’–এ। অনস্ক্রিন রসায়ন এবার আরও গভীর হয়, আর অফস্ক্রিন সম্পর্ক নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। তবে দু’জনই তখন সম্পর্কের বিষয়টি অস্বীকার করে নিজেদের ‘শুধু বন্ধু’ বলেই দাবি করেন।
গোপন সফর, প্রকাশ্য নীরবতা
২০২০ থেকে ২০২২—এই সময়টায় একাধিকবার একই লোকেশন, ডিনার স্পট ও ভ্রমণের ছবি ঘিরে জল্পনা ছড়ায়। কিন্তু তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। রাশমিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত নন।
‘অ্যানিমেল’ প্রচারণায় ভাইরাল মুহূর্ত
২০২৩ সালে ‘অ্যানিমেল’ ছবির প্রচারণায় সহ-অভিনেতা রনবীর কাপুর–এর উপস্থিতিতে হঠাৎ করেই বিজয়কে ফোন করেন রাশমিকা। ফোন ধরেই বিজয়ের স্বাভাবিক সুরে “হোয়াটস আপ রে?” বলা এবং রাশমিকার লজ্জা পাওয়া মুহূর্তটি ভক্তদের কাছে সম্পর্কের ইঙ্গিত হিসেবেই ধরা পড়ে।
আংটি, রোম ভ্রমণ ও বিয়ের গুঞ্জন
২০২৫ সালে খবর আসে, হায়দরাবাদে বিজয়ের বাসায় ঘরোয়া আয়োজনে তাদের আংটি বদল সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা যায়। পরে রাশমিকাকে আঙুলে নতুন আংটি পরতে দেখা যায়।
এ সময় বিজয়ের নতুন ছবি ‘কিংডম’–এর প্রসঙ্গেও আলোচনা হয়। অন্যদিকে রাশমিকা ব্যস্ত ছিলেন ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ‘ককটেল ২’–এর কাজ নিয়ে। এক অনুষ্ঠানে প্রকাশ্যে রাশমিকার হাত ধরে চুমু খাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বন্ধুদের সঙ্গে রোম ভ্রমণ এবং শ্রীলঙ্কায় সম্ভাব্য ব্যাচেলরেট পার্টির খবর বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করে।
উদয়পুরে বিয়ে, হায়দরাবাদে সংবর্ধনা
ফাঁস হওয়া আমন্ত্রণপত্রে জানা যায়, রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। এরপর ৪ মার্চ হায়দরাবাদে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান।
অবশেষে ভক্তদের উদ্দেশে যৌথ বার্তায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই তারকা জুটি। নিরাপত্তা বেষ্টনীতে সাজানো ভেন্যুতে আগামী বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন।
রিল লাইফের প্রেম থেকে বাস্তব জীবনের দাম্পত্য—‘ভিরোশ’ জুটির এই যাত্রা এখন বলিউড-টলিউড অঙ্গনে আলোচিত এক অধ্যায়। পিঙ্কভিলা








