যেকোন বিষয়ে বরাবরই নিজের স্পষ্ট মতামত রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কখনো তাকে দেখা যায় বলিউডের অন্দর মহল নিয়ে সরব হতে। আবার কখনও বা নায়ক নায়িকার মধ্যে চলমান বৈষম্য নিয়ে কথা বলতে।
আবারও তেমনই এক প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন ‘পরিণীতা’ খ্যাত এই অভিনেত্রী। চলচ্চিত্র মানেই যেন প্রধান চরিত্রে নায়ক আর পার্শ্ব চরিত্রে নায়িকা! নায়কদের ঘিরে চলচ্চিত্রের কাহিনী লেখা হলেও নায়িকাদের উপস্থিতিই থাকে যেন ‘গ্ল্যামার’ বাড়ানোর জন্য।
নায়িকাদের গ্ল্যামারাস উপস্থিতি বর্তমান সময়ে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে চলচ্চিত্রে নায়িকাদের দিয়ে ‘আইটেম সং’ করানো ছাড়া সিনেমা যেন পূর্ণতা পায় না। তবে নারী কেন্দ্রিক ছবিও যে বক্স অফিসে ভাল ফল করতে পারে তার প্রমাণ কিন্তু ইতোমধ্যেই দৃশ্যমান। সেদিক থেকে নারীকেন্দ্রিক সিনেমার মূল চরিত্রে থাকা অন্যতম অভিনেত্রী হলেন বিদ্যা বালান।
‘কাহানি’ থেকে শুরু করে ‘তুমহারি সুলু’ সহ আরো বেশ কিছু ছবিতে তিনি ছক্কা হাকিয়েছেন। তবে বেশ কিছু ছবিতে তিনি একাই একশো হলেও প্রশংসা কুড়িয়েছে অন্যকেউ। যা তার মোটেও পছন্দ নয়। তারমধ্যে একটি ছবি হল ‘মিশন মঙ্গল’।
বিদ্যা স্পষ্ট ভাবে জানিয়েছিলেন, ‘মিশন মঙ্গল’কে অক্ষয় কুমারের ছবি হিসেবেই উপস্থাপনা করা হয়েছে। যেখানে তার ভূমিকাও নেহাতই কিছু কম ছিল না। বিদ্যার কথায়, বলিউডের এটা একটি ট্রেন্ড। হিরোর নাম সামনে এনে ছবির ব্যবসা ধরে রাখা। তবে এটা সঠিক নয়। এই প্রথার বদল ঘটানোর প্রয়োজন বলে তিনি মনে করেন। –দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস








