বিজয়ের ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ করলো বাংলাদেশ। বিজয়ের এই গৌরবময় আর উৎসবের দিনেও লাল-সবুজের পতাকার জন্য আত্মত্যাগী লাখো শহীদকে স্মরণ করেছে পুরো জাতি।
এমন গৌরবময় আর রঙিন দিনে সামাজিক মাধ্যমও ভরে উঠছে বিজয় দিনের শুভেচ্ছা বার্তা ও আবেগঘন ভিডিও গল্পে। এতে সামিল হয়েছেন দেশের শীর্ষস্থানীয় তারকা অভিনেতা, নির্মাতারাও।
জাতির এই বিশেষ দিনে তারাও ভক্ত অনুরাগীদের সাথে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন:
বাংলাদেশের পতাকা এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের একটি পুরনো ছবি শেয়ার করে অভিনেত্রী জয়া আহসান লিখেছেন,“বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র। তোমাকে পাওয়ার জন্য লড়াই করে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধারা। অনেক মৃত্যু, অনেক ত্যাগের মধ্য দিয়ে রক্ত ও অশ্রুমাখা পথে তুমি এসেছ। তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেইদিন, যে দিন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব। তুমি আমাদের মনে করিয়ে দাও, মুক্তিযুদ্ধ অবিরাম এক লড়াইয়ের নাম, যে লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। তোমাকে অভিবাদন, বিজয় দিবস।”
স্মৃতিসৌধে নিজের একটি ছবি শেয়ার করে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
১৯৭১ সালের বিজয়ের দিনের কিছু ছবি শেয়ার করে ছোটপর্দার তারকা অভিনেতা অপূর্ব লিখেছেন,“সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ৷ যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ৷ প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।”
অভিনেতা রওনক হাসান লিখেছেন,“মহান বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।”
চিত্রনায়ক কাজী মারুফ লিখেছেন,“ ১৯৭১ একটি দেশের জন্ম হয়েছিল। দেশ একবারই স্বাধীন হয়। আমার বাংলাদেশের বিজয় দিবসও একটাই ১৬ ডিসেম্বর। আমার বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক দোয়া করি। বিজয় দিবসের শুভেচ্ছা।”
বাংলাদেশ লেখা একটি টিশার্ট পরে অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের একটি ছবি পোস্ট দিয়েছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেন, “দেশটা বুকে দেশটা মাথায় দেশটা রক্তে…। অনেক কষ্টে পাওয়া বাংলাদেশ আমরা নষ্ট না করি…। ভালোবাসি বাংলাদেশ।”
সংসদ ভবনের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন,“লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান বিজয় অমর হোক। মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা সবাই যেন অঙ্গীকারবদ্ধ হই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”
গায়ে পতাকা জড়ানো একটি ছবি পোস্ট করে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, “আমার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।” অভিনেতা খায়রুল বাসার লিখেছেন,“সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ৷ যাদের আত্মত্যাগে বিনিময়ে আমাদের স্বাধীনতা; তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, এই লাল সবুজ শুধু রঙ নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া। শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।”
বধ্যভূমির সামনে দেশের পতাকা নিজের শরীরে জড়ানো একটি ছবি দিয়ে কণ্ঠশিল্পী ইমরান লিখেছেন, “সবুজের বুকে লাল/সেতো উড়বেই চিরকাল। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।”
সংগীতশিল্পী বেলাল খান লিখেছেন,“বিজয়ের গৌরবে মাথা উঁচু, ইতিহাসে লেখা দেশ, এ হৃদয় জানে, গর্বের নাম— আমার বাংলাদেশ। ১৬ ডিসেম্বর,মহান বিজয়ের দিন।” কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, “আজ আমাদের গর্বের দিন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।” মিস ইউনিভার্সের মঞ্চে সাড়া ফেলে দেয়া বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া মিথিলা একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন,“আমার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।”
অভিনেত্রী টয়া লিখেছেন, বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনোই বিনামূল্যে আসেনি। তর্ক-বিতর্ক ও মতভেদের ঊর্ধ্বে রয়েছে এক অবিসংবাদিত সত্য…। কিছু সাহসী প্রাণ তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন, যাতে আমরা একটি স্বাধীন দেশে বেঁচে থাকতে পারি। এই ত্যাগ কোনোভাবেই অস্বীকারযোগ্য নয়, মুছে ফেলার নয়, ভুলে যাওয়ার নয়। আসুন, আমরা এই সত্যকে সম্মানের সঙ্গে হৃদয়ে ধারণ করি এবং সততা ও সাহসের সঙ্গে তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিই। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
অভিনেত্রী তটিনী নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন,“আজ মহান বিজয় দিবস। সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া।” সংগীতশিল্পী পড়শি লিখেছেন, “ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।”








