অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৭৭ বছর বয়সী ভারতের জনপ্রিয় অভিনেতা ভিক্টর ব্যানার্জী। বিশ্বস্ত সূত্রে খবর, অভিনেতার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এসময় দ্রুতই তাকে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। এর আগে ২০২২ সালে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর ব্যানার্জী। সেই সময় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। সামান্য অস্বস্তি ছাড়া সেরকম কোন জটিলতাও ছিল না তার শরীরে বলে জানিয়েছিল পরিবার। সেই একই বছর তিনি কোভিড ও ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন।
বরাবরই নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ভিক্টর ব্যানার্জী। শুধু টলিউড নয়, হলিউড পরিচালকদেরও পছন্দের অভিনেতা তিনি। বহু সুপারহিট সিনেমা উপহার দিলেও, বাংলা ছবি থেকে বেশ কিছুদিন ধরেই দূরে ছিলেন অভিনেতা।
তবে ২০২৩ সালে উইনডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’-এ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।
সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে শুরু করে জেমস আইভরি চলচ্চিত্র দুনিয়ার একের পর এক নামজাদা তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বাংলা-হিন্দি-ইংরেজি ভাষার পাশাপাশি অসমীয়া ভাষায়ও কাজ করেছেন।
তার অভিনীত ‘আক্রোশ’, ‘ঘরে-বাইরে’ থেকে ‘লাঠি’ আজও দর্শকের কাছে উপহার বলা চলে। রুপালি পর্দায় একের পর এক সফল অভিনয়। ‘রক্তবীজ’ মুক্তির পর আবারও প্রমাণিত যে তার অভিনয় দেখার জন্য আজও মুখিয়ে ভক্তরা।-এই সময়








