সদ্যই মুক্তি পেয়েছে বলিউডের দুই সিনেমা ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ এবং ‘জিগরা। বক্স অফিসে জোর টক্কর চলছে এই দুই ছবির। কিন্তু ৩ দিন পর আয়ের নিরিখে এগিয়ে রইল কে? আলিয়া নাকি তৃপ্তির ছবি?
জানা গেছে, আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ ছবিটি ভারতীয় বক্স অফিসে মুক্তি পেতেই ৪.৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে যা বেড়ে দাঁড়ায় ৬.৫ কোটি রুপি। কিন্তু তৃতীয় দিনেই ছবিটির আয় কমে দাঁড়ায় ৫.৫ কোটি রুপি। অর্থাৎ, তিন দিনে ছবিটির সর্বমোট আয় দাড়ায় ১৬.৫ কোটি রুপি।
এদিকে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত কমেডি ঘরানার ছবি ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’। ছবিটি প্রথম দিন আয় করেছে ৫ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনে যার আয় যথাক্রমে ৬.৭৫ এবং ৬.২৫ কোটি রুপি দাড়ায়। সেক্ষেত্রে তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়ায় ১৮.৫ কোটি রুপি।
‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমাটি ‘জিগরা’র তুলনায় বড় পরিসরে বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। তাই ‘জিগরা’র তুলনায় ‘ভিকি বিদ্যা’র আয় বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছে ভালো রিভিউ পায়নি। দুর্বল চিত্রনাট্যের এই ছবিটিও বক্স অফিসে তেমন দাপট দেখাতে পারলো না।
বসন বালা পরিচালিত ‘জিগরা’র কাহিনি আবর্তিত হয়েছে ভাই-বোনের ভালোবাসাকে কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার ছবিটিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বেদাং রায়না।
অন্যদিকে রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে আছে ভরপুর কমেডি। কমেডির মোড়কে এই ছবি সমাজের একটা অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করেছে। সেই সঙ্গে রয়েছে সতর্কবার্তাও। –ইন্ডিয়া টিভি নিউজ







